শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সহিংসতা বন্ধ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান
সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার একাধিক ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সোচ্চার : Torture WatchDog Bangladesh।
শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এগুলো স্বাধীন মতপ্রকাশ, সমালোচনামূলক চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফলে শিক্ষক বা শিক্ষার্থীর ওপর যেকোনো ধরনের শারীরিক হামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং শিক্ষা, মানবাধিকার এবং আইনের শাসনের মৌলিক নীতিরও সুস্পষ্ট লঙ্ঘন।
সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতা উদ্বেগজনক। এসব সহিংসতা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে এবং উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি জনআস্থাকে ক্ষুণ্ন করছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘাত ও সহিংসতার পুনরাবৃত্তি ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানকে ভয়ভীতি ও সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সোচ্চার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে—
১। শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সংঘটিত প্রতিটি হামলা ও সহিংসতার ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।
২। দায়ী ব্যক্তিদের রাজনৈতিক, সাংগঠনিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৩। সকল শিক্ষক ও শিক্ষার্থীর জীবন, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪। শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা প্রতিরোধে মানবাধিকারভিত্তিক নীতি, কার্যকর অভিযোগ ব্যবস্থা এবং শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
আমরা বিশ্বাস করি, নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক সমাজ গঠনের অপরিহার্য শর্ত। শিক্ষাঙ্গন হোক জ্ঞান, যুক্তি ও মানবিকতার স্থান — সহিংসতা, ভয়ভীতি ও নির্যাতনের নয়।